সদর হাসপাতালের সামনে ময়লার ভাগাড় ॥ দুর্ভোগে রোগী-পথচারীরা

হবিগঞ্জের ৯টি উপজেলার মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতাল। অথচ গুরুত্বপূর্ণ এ হাসপাতালের প্রধান ফটকের সামনেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়। প্রতিদিন হাসপাতালের বর্জ্য, খাবারের উচ্ছিষ্ট ও বিভিন্ন ধরনের আবর্জনা ফেলা হচ্ছে সেখানে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। চরম দুর্ভোগে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন, পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের পাশে ময়লার স্তূপ জমে আছে। হাসপাতালের কর্মচারী ও আয়ারা ঝুড়িভর্তি ময়লা এনে ফটকের কাছেই রেখে যাচ্ছেন। পাশাপাশি রোগী ও তাদের স্বজনরাও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও খাবারের উচ্ছিষ্ট সেখানে ফেলছেন। এতে দিন দিন ময়লার স্তূপ বড় হচ্ছে এবং পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। হাসপাতালের সামনে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা থাকলেও তা যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, নিয়মিত বর্জ্য অপসারণ না করায় হাসপাতালের প্রবেশপথের সামনেই ময়লা জমে থাকছে। এতে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশের সড়ক দিয়েও স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। অনন্তপুর, শায়েস্তানগর, জঙ্গলবহুলাসহ আশপাশের এলাকার মানুষ এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন। দুর্গন্ধের কারণে অনেকেই এখন বিকল্প পথ ব্যবহার করছেন।

চিকিৎসা নিতে আসা তালেব মিয়া বলেন, রোগ নিরাময়ের জন্য হাসপাতালে এসে উল্টো পরিবেশ দূষণের কারণে অসুস্থ হয়ে পড়ার উপক্রম হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং করলে প্রধান ফটকের সামনে এভাবে ময়লার স্তূপ জমে থাকার কথা নয়।

স্থানীয় ব্যবসায়ী রুবেল আহমেদ বলেন, “এটি জেলা সদর হাসপাতাল। অথচ হাসপাতালের প্রধান ফটকের সামনে এমন ময়লার ভাগাড় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুর্গন্ধের কারণে ফটকের সামনে দাঁড়ানোই কঠিন। এতে আশপাশের ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন।”

এ বিষয়ে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ময়লা অপসারণের জন্য হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। শিগগিরই এসব ময়লা অপসারণ করা হবে।”

এলাকাবাসী দ্রুত হাসপাতালের প্রধান ফটকের সামনে জমে থাকা ময়লা অপসারণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



শেয়ার করুন