গ্রেফতার কয়েছ মিয়া আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আকিবুর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় আকিবুর মিয়ার ছেলে কয়েছ মিয়াকে ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরদিন শুক্রবার বিকেল ৩টার দিকে কয়েছ মিয়াকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের হাজতে তাকে রেখে আসেন কোর্ট পুলিশের দায়িত্বে থাকা এএসআই সুমন পাল। এরপর কোনো একপর্যায়ে কৌশলে হাজত থেকে পালিয়ে যান কয়েছ।
আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাকে গ্রেফতারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে অভিযান চালানোর একপর্যায়ে শুক্রবার রাতে শিবপাশা এলাকা থেকে কয়েছ মিয়াকে পুনরায় গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আদালতের হাজত থেকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
