বাহুবলে র‌্যাব-৯ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং নকল পণ্য সরবরাহের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মীরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে আলী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, যমুনা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, চামেলী ভেরাইটিজ স্টোরকে ৬ হাজার টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারকে ২ হাজার টাকা এবং বনফুল এন্ড কোংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব ও ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোক্তার অধিকার নিশ্চিত করতে পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার, মূল্যতালিকা প্রদর্শন, খাদ্যপণ্যে ক্ষতিকর বা নিষিদ্ধ দ্রব্যের ব্যবহার বন্ধ এবং মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি। এসব বিধান অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন