তবে দুর্ঘটনায় সরকারি জিপ ও কাভার্ড ভ্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হয়েছেন। একই সঙ্গে পেছনে থাকা একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ইউএনও মো. মেহেদী হাসান মাধবপুর উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে মাধবপুর থেকে হবিগঞ্জমুখী সরকারি জিপটির (হবিগঞ্জ-১৬-১০৬৮) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ইউএনওকে বহনকারী সরকারি জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৮৬২৪)ও দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার মানিক মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যানের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। আহত হেলপার মানিক মিয়া মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
