মাঝরাতে থানায় গিয়াস উদ্দিন তাহেরি, প্রচারণায় বাধা ও হত্যার হুমকির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন (তাহেরি) তার নির্বাচনী প্রচারণায় বাধা ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি চুনারুঘাট থানায় গিয়ে মৌখিকভাবে এ অভিযোগ জানান।

পরে থানার সামনে সাংবাদিকদের তাহেরি বলেন, তার দুই কর্মী চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় মাইক ব্যবহার করে ‘মোমবাতি’ প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে মাইক ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, একই এলাকায় পুনরায় প্রচারণা চালালে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

তাহেরি বলেন, নির্বাচনের সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থ জড়িত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে শক্তি প্রদর্শনের এ ধরনের ঘটনা বহুল প্রত্যাশিত একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মো. গিয়াস উদ্দিন তাহেরির মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাহেরিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, হবিগঞ্জ–৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন।



দৈনিক হবিগঞ্জের আয়না/আপন


শেয়ার করুন