নবীগঞ্জের পানিউমদায় টানা দুইদিন ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকায় আতঙ্ক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় টানা দুইদিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার পানিউমদা এলাকায় অবস্থিত সিয়েনা কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে একই এলাকার পানিউমদা বাজারে আবারও ভয়াবহ আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে পানিউমদা বাজারের একটি লেপ–তোষকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গুদামের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দলও সহায়তায় অংশ নেয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে টানা দুইদিন অগ্নিকাণ্ডের ঘটনায় পানিউমদা বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় অবস্থিত সিয়েনা কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, কোম্পানির ভেতরে জমে থাকা ময়লা ও ঘাসে নিরাপত্তাকর্মীরা আগুন দিলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে নিরাপত্তাকর্মীদের থাকার ঘরসহ কোম্পানির ভেতরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে একটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে গেলেও ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



দৈনিক হবিগঞ্জের আয়না/আপন


শেয়ার করুন