স্বামীর হয়ে ভোটের মাঠে চমক দেখাচ্ছেন রেজা পত্নী সিমি কিবরিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া। টানা প্রচারণা, গ্রামভিত্তিক গণসংযোগ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি ভোটের রাজনীতিতে চমক সৃষ্টি করেছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন এলাকায় নারী ভোটার, তরুণ সমাজ,পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একাধিক সভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন । এসব কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া লক্ষ্য করা গেছে।

সিমি কিবরিয়া বলেন,আমরা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয়, উন্নয়ন ও জনকল্যাণভিত্তিক রাজনীতি করতে চাই। এ লক্ষ্যেই চারটি মূল এজেন্ডা সামনে রেখে আমাদের কাজ চলবে।

তিনি জানান, এ চার এজেন্ডার মধ্যে রয়েছে

১) উন্নত ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা,

২) আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,

৩) মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা,

৪) কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব কমিয়ে আনা।

সড়ক অবকাঠামো প্রসঙ্গে তিনি বলেন,এই অঞ্চলের বহু গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষা মৌসুমে মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পরিকল্পিত সড়ক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।

স্বাস্থ্যখাত নিয়ে সিমি কিবরিয়া বলেন,উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে কার্যকর ও আধুনিক করতে হবে। সাধারণ মানুষ যেন সামান্য অসুস্থতায়ও জেলা বা বিভাগীয় শহরে ছুটতে বাধ্য না হয়,সেটিই আমাদের লক্ষ্য।

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন,আগামী প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার দিকে গুরুত্ব দেওয়া হবে।

কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন,এই এলাকার বড় সমস্যা বেকারত্ব। তরুণদের কাজের সুযোগ তৈরি না হলে সামাজিক সমস্যা বাড়বে। স্থানীয় পর্যায়ে শিল্প-বাণিজ্য, কৃষিভিত্তিক উদ্যোগ ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে ড. রেজা কিবরিয়া এলাকার মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সংসদে জোরালো ভূমিকা রাখবেন। জনগণের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, সিমি কিবরিয়ার সরল বক্তব্য ও স্পষ্ট উন্নয়ন ভাবনা নির্বাচনী মাঠে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


দৈনিক হবিগঞ্জের আয়না/আপন


শেয়ার করুন