নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর সূত্র জানায়, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাকে আরও দুই সহযোগীসহ আটক করা হয়। তল্লাশিতে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি খালি মদের বোতল উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০), মৃত আকসির মিয়ার পুত্র মো. গাজিউর (৩০) এবং মো. সিদ্দিক মিয়া (২০)।

অভিযান শেষে আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন