শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, নীতিমালা জারি করলো সরকার

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন এই নীতিমালার ৫ (ঙ) নম্বর ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর কাছ থেকে কোনক্রমেই ‘পুনর্ভর্তি ফি’ নেওয়া যাবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের টিউশন ফি নীতিমালা ২০২৪ অনুযায়ী টিউশন ফি গ্রহণ করতে পারবে। গত ৯ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এই নীতিমালা চূড়ান্ত করা হলেও সম্প্রতি এটি প্রকাশ করা হয়েছে। বুধবার এ বিষয়টি জানানো হয়েছে। একই শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে পুনঃভর্তি ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছিল।

গত ২৫ জানুয়ারি রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিট করেন বেসরকারি একটি সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন।

দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’ বলে রিটে অভিযোগ করা হয়। তবে সরকার নীতিমালা জারির পর তারা আর রিট চালাবেন না বলে জানিয়েছে।


দৈনিক হবিগঞ্জের আয়না/আপন



শেয়ার করুন