হবিগঞ্জে জামায়াত আমির: ধর্মীয় পরিচয়ে দেশ বিভক্ত হতে দেওয়া হবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হবিগঞ্জে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে মেধার কোনো বিকল্প নেই এবং আগামীর বাংলাদেশে মেধার ভিত্তিতেই যোগ্য ব্যক্তিরা কর্মসংস্থানের সুযোগ পাবে। হবিগঞ্জের ঐতিহাসিক চা বাগানগুলো আধুনিকায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে আমূল পরিবর্তনের কথাও জানান তিনি।

রাজনীতিকে জনগণের সেবার মাধ্যম উল্লেখ করে জামায়াত আমির অভিযোগ করেন, বিগত বছরগুলোতে এক শ্রেণির মানুষ ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদাবাজি করেছে। ক্ষমতায় গেলে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সন্ত্রাস ও দুর্নীতির দায় বিগত ক্ষমতাসীনদের ওপর বর্তায়। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে প্রতি বছর জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


শেয়ার করুন