অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল অনুমোদিত হলে সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা শিক্ষকদের মূল বেতন বৃদ্ধি পাবে। তবে এমপিওভুক্ত শিক্ষকরা অনুদানপ্রাপ্ত হিসেবে কিছু সীমাবদ্ধতার মধ্যে থাকবেন। মূল বেতন বৃদ্ধির সঙ্গে বৈশাখী ভাতা ও উৎসব ভাতাও বৃদ্ধি পাবে।
তবে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, বিনোদন ভাতা ও শিক্ষা ভাতার ক্ষেত্রে তারা সরকারি কর্মচারীদের সমপরিমাণ সুবিধা পাবেন না। বর্তমানে তারা মাসিক ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত প্রস্তাবিত হলেও এমপিওভুক্তদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।এছাড়া বাড়ি ভাড়া ক্ষেত্রে তারা মূল বেতনের ১৫ শতাংশ পাবেন, যেখানে সরকারি কর্মচারীরা ৪৫ থেকে ৬০ শতাংশ ভাতা পান। টিফিন ও বিনোদন ভাতাও তাদের জন্য থাকবে না। শিক্ষা ভাতার ক্ষেত্রেও কোনো সুবিধা থাকবে না।
শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানান, মূল বেতন বৃদ্ধি হলেও এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি কর্মচারীদের সঙ্গে পূর্ণ সমতা পাবেন না। ফলে বেতন বৃদ্ধি হলেও কিছু ভাতা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য অব্যাহত থাকবে।
