বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, সিএনজি উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে টমটম চালক কাশেম (৩৩) হত্যা মামলার মূল আসামি এমরান মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হবিগঞ্জ জেলা। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

পিবিআই সূত্র জানায়, বাহুবল থানার মামলা নং–০৬-এর ছায়াতদন্ত শেষে গত বছরের ১০ আগস্ট মামলাটি পিবিআই হবিগঞ্জ জেলা গ্রহণ করে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত চালানো হয়।

তদন্তের একপর্যায়ে গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পলাতক থাকা এমরান মিয়াকে গ্রেফতার করে পিবিআইয়ের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত এমরান মিয়া বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন এবং ড্রাইভার কনস্টেবল আজিম মোল্লা।

পিবিআই জানায়, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে এমরান মিয়া সিলেটসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল।

এ মামলায় এর আগে এমরানের সহযোগী ফারুককে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলে জিজ্ঞাসাবাদে কাশেম হত্যাকাণ্ডে এমরান মিয়ার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পিবিআই তার বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে।

পিবিআই সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দীর্ঘদিন পর মামলার মূল আসামি গ্রেফতার হওয়ায় নিহত কাশেমের পরিবার ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে এবং পিবিআইয়ের প্রতি তাদের আস্থার কথা জানিয়েছে।


শেয়ার করুন