বুধবার (৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। ব্রিফিংয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, জেলার চারটি সংসদীয় আসনের নয়টি উপজেলায় অবস্থিত মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপজেলায় পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
অধিনায়ক আরও জানান, জেলার ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকা সুরক্ষিত রাখা হচ্ছে। নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা। ভোটকেন্দ্রে নিয়মিত পরিদর্শন ও মহড়াও চলছে। বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
চোরাচালানবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে জেলা ব্যাটালিয়ন সদর ও ১৬টি বিওপি থেকে পরিচালিত অভিযানে সাতজন আসামিসহ প্রায় ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, হবিগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবির নজরদারি অব্যাহত থাকবে। দায়িত্ব পালনে বিজিবি সর্বদা অটল ও সতর্ক থাকবে।
