শহরে আইনজীবির পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ॥ স্বর্ণসহ টাকা লুট

হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা এডভোকেট শ্যামল কান্তি দাসের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৮/১০ জনের ডাকাতদল আইনজীবির পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ¦ জি কে গউছ, সদর থানার ওসি দেলোয়ার হোসেনসহ একদল পুলি, গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে ভোর ৪টার দিকে ৮/১০ জনের একদল মুখোশধারি ডাকাতদল শ্যামল কান্তির বাসার দরজা ভেঙে হানা দেয় এবং সকলকে অস্ত্রের মুখে মুখ বেঁধে লুটপাট চালায়।

এডভোকেট শ্যামল কান্তি দাস জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে একদল ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের বাসার সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে পুরো বাসায় তান্ডব চালায়। এসময় বাসায় থাকা দুই ভরি স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তবে ডাকাতদল অন্য কোন মালামাল নেয়নি। তবে শহরবাসীর অভিযোগ শহরে পুলিশের টহল না থাকায় প্রায়ই কোনো না কোনো এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধ হচ্ছে। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের টনক নড়ছে না। প্রধান সড়কে এমন একটি ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দোলোয়ার হোসেন বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে। পুলিশ সাদা পোষাকে ও সোর্সের মাধ্যমে  জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি, মামলাও হয়নি। মামলার প্রস্তুতি চলছে।



শেয়ার করুন