রাঙামাটিকে ৩’শ ২ রানে হারিয়ে জয় পেয়েছে হবিগঞ্জ জেলা দল

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের গত আসরে হবিগঞ্জ টায়ার-১-এ খেলে হবিগঞ্জ জেলা পুরুষ ক্রিকেট দল। কিন্তু টাঙ্গাইল জেলার কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২ রানে হেরে টায়ার-দুইয়ে নেমে আসতে হয়। গতকাল রোববার ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শেষ খেলায় রাঙামাটি জেলা দলকে রেকর্ড ৩০২ রানে হারিয়ে ‘ই ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ ফিরলো হবিগঞ্জ জেলা দল। এই গ্রপের প্রথম ম্যাচে কক্সবাজারকে ১ রানে এবং নেত্রকোনাকে ২ উইকেটে পরাজিত করে হবিগঞ্জ। গতকাল রোববার সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে রাঙামাটির বিরুদ্ধে গ্রুপের শেষ খেলায় সাহিদুর রহমানের নেতৃত্বে হবিগঞ্জ দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে রাঙামাটির বোলারদের উপর তাণ্ডব চালান হবিগঞ্জের ওপেনার জয় হোসেন। মাত্র ২৯ বলে ৭ ছক্কা ও ৫ চারে ৬৬ রানে ঝড়ো ইনিংস খেলেন। যদিও অপর অপেনার হৃদয় দেব সাঁজঘরে ফেরেন মাত্র ৬ রানে। দলীয় ৩৯ রানের মাথায় হৃদয় বিদাল নিলেও তা অনুভব করতে দেননি পরের ব্যাটার আবু সুফিয়ান। ৬৯ বল খেলে ওয়ান ডাউনে নামা এই ব্যাটার করেন দলীয় সর্বোচ্চ ৮০ রান। সুফিয়ান তার ইনিংসে ছয়টি ছক্কা ও সাতটি চার মারেন।

হবিগঞ্জের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন মিডলওয়ার্ডারের জাহিদুল হক। এছাড়াও হবিগঞ্জের তানভীরুজ্জামান ৪০, তানভীর হোসেন ২৬, বরকত ২০, অধিনায়ক সাহিদুর রহমান ১২, এমরান মিয়া করেন ১৮ রান। জয় সিংহ মোস্তাকিম মিয়া শূন্য রানে আউট হন। ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে হবিগঞ্জ জেলা দল সংগ্রহ দাঁড়ায় ৩৩৯ রান। পাহাড়সম ৩৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১২.৫ ওভারে অলআউট হয় রাঙামাটি। তখন পাহাড়ি জেলা রাঙামাটির সংগ্রহ মাত্র ৩৭ রান। আর এতে হবিগঞ্জ জেলা জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ ৩০২ রানে জয়লাভ করে। হবিগঞ্জের বোলার এমরান মিয়া রাঙামাটির প্রথম ৬ ব্যাটারকে আউট করেন। এই বোলার ম্যাচে ৭ উইকেট নেন। বাকী তিনটি উইকেট নেন তানভীর হোসেন। রাঙামাটির হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ওপেনার ভাস্কর খীসা। বাকী কেউ পাঁচের কোটা ছাড়াতে পারেননি। হবিগঞ্জের বোলারদের তাণ্ডবে রাঙামাটির ৫ ব্যাটারকে শূন্য রানে ফিরতে হয়। এর আগে রাঙামাটির পক্ষে রাশেদুল ইসলাম শান্ত ৭৫ রানে চারটি, সাজ্জাদ ৫২ রানে তিনটি ও মোবারক হোসেন লেমন ৫১ রানে একটি করে উইকেট নেন।

দলের ম্যানেজার ও কোচের দায়িত্বে আছেন জেলা টিমের সাবেক দুই অধিনায়ক যথাক্রমে ইব্রাহিম খলিল সোহেল ও রিন্টু রায়। টায়ার-২ চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ম্যানেজার ইব্রাহিম খলিল সোহেল।

তিনি বলেন- আজ আমরা জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রেকর্ড রানে জয়লাভ করেছি। বিষয়টি খুবই আনন্দের। কারণ গতবারের স্মৃতি এখনো আমাকে কষ্ট দেয়। গতবার টায়ার-১ এর খেলায় টাঙ্গাইল জেলার কাছে মাত্র ২ রানে হেরে আমাদের অবনমন হয়েছিল। এবার ‘ই’ গ্রুপের সবকটি ম্যাচ জিতে হবিগঞ্জ জেলা দল টায়ার-১ উন্নীত হল। সকল খেলোয়াড় কোচ ও কর্মকর্তাদের সহযোগিতায় আমরা লক্ষে পৌঁছুতে পারলাম।



শেয়ার করুন