সাংসদ ফয়সল বলেন, “আমি সারা জীবন সততার ওপর ভর করে চলেছি। কেউ আমার জন্য কোনো উপঢৌকন বা উপহার নিয়ে আসবেন না। আমি এসব পছন্দ করি না। আমরা সবাই পরকালের চিন্তা করি। দুনিয়া ক্ষণস্থায়ী, তাই মানুষের কল্যাণে ভালো কাজ করে যেতে হবে।” তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যেন জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং এমন প্রকল্প প্রস্তাব করা হয়, যা সরাসরি জনগণের উপকারে আসে।
তিনি দাবি করেন, বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যেমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তেমনি তার আদর্শ অনুসরণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন ও জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছেন।
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে চুনারুঘাটকে একটি সুন্দর, আধুনিক ও সুশৃংঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা চান এবং সকল মিলে মিশে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন। সাংসদ ফয়সল সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
