আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সভায় নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। জেলার পুলিশ সুপার বলেন, নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
নারী শিক্ষার প্রসার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নারীরা তাদের মেধা ও শ্রমের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং তাদের কাজের স্বীকৃতিও বাড়ছে।
আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রসহ সমাজের সব স্তরে নারীর অধিকার, সমতা এবং শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পুলিশ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ কর্মরত নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
