প্রশিক্ষণের পরও সড়কে ফেরেনি শৃঙ্খলা নারী টমটমে পুরুষ যাত্রী নিয়ে চলাচল

হবিগঞ্জ শহরের যানজট নিরসন ও টমটম চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তার সুফল মিলছে না। সম্প্রতি হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রায় ৬৫০ জন টমটম চালককে প্রশিক্ষণ দেওয়া হলেও শহরের সড়কে এখনো বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে ব্যাটারিচালিত এসব যানবাহন। ফলে শহরজুড়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। পৌরসভার নতুন উদ্যোগ হিসেবে শহরের নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মাত্র একদিন আগে বিশেষ কিছু টমটম চালু করা হয়, যেখানে শুধুমাত্র নারীরা যাতায়াত করবেন বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু উদ্যোগের প্রথম দিনেই দেখা গেছে এর ব্যত্যয়। বেশ কিছু টমটম চালক নিয়ম না মেনে পুরুষ যাত্রীও বহন করছেন। গতকাল রবিবার এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ছবিতে দেখা যায়, নারী যাত্রীদের জন্য নির্ধারিত (৭ম পাতায়) একটি টমটমে পুরুষ যাত্রী নিয়ে চলাচল করছেন চালক। এ ঘটনা সামনে আসার পর নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ী চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয়রা বলছেন, টমটম চালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হলেও বাস্তবে তারা কোনো নিয়মকানুন মানছেন না। শহরের বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো এবং ট্রাফিক নিয়ম অমান্য করার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।

জানা গেছে, এক সময়ের সরু রাস্তার শহর হবিগঞ্জে এখন নির্মাণ করা হয়েছে প্রশস্ত ও আধুনিক সড়ক। তবুও যানজট কমেনি। বরং অবৈধ ব্যাটারিচালিত টমটমের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

পৌরসভার তথ্য অনুযায়ী, শহরে টমটম চলাচলের অনুমোদন রয়েছে ১ হাজার ৩০০টির। কিন্তু বাস্তবে সড়কে চলাচল করছে তিন হাজারেরও বেশি টমটম। অনুমোদনবিহীন বিপুল সংখ্যক এসব যানবাহন প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিন শহরের বিভিন্ন সড়কে চলাচল করছে।

শহরবাসীর অভিযোগ, বেপরোয়া গতিতে টমটম চালানোর কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে যানজটের কারণে কর্মজীবী মানুষদের সময়মতো অফিস কিংবা গুরুত্বপূর্ণ কাজে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, শহরের যানজট নিরসন করতে হলে অবৈধ টমটমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত টমটম চালকদেরও নিয়ম মেনে চলতে বাধ্য করতে হবে।

এ বিষয়ে সচেতন মহলের অভিমত, শুধুমাত্র প্রশিক্ষণ দিলেই সমস্যা সমাধান হবে না। নিয়ম অমান্য করলে তাৎক্ষণিক শাস্তি ও নজরদারি বাড়াতে হবে। অন্যথায় টমটম নিয়ন্ত্রণের সব উদ্যোগই কাগজে-কলমে সীমাবদ্ধ থেকে যাবে।

শহরবাসী আশা করছেন, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন হবিগঞ্জের সাধারণ মানুষ।


শেয়ার করুন