নবীগঞ্জে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি ॥ দুর্ভোগ

নবীগঞ্জ উপজেলার সুজাপুর থেকে তিমিরপুর বাইপাস বাঘমারা খালের সড়কে তিনটি বিদ্যুতের খুঁটি রেখেই কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। এ কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। উপজেলার সুজাপুর গ্রামসহ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক হলো বাঘমারা খালের এ রাস্তা। অথচ সড়কের মাঝখানেই রয়েছে তিনটি বৈদ্যুতিক খুঁটি, যা অপসারণ না করেই কাঁচা রাস্তা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বর্তমান ৯ নম্বর ইউপি সদস্য (১ নম্বর ওয়ার্ড) মো. আব্দুল মুমিন জানান, গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে অনেক আগেই স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কাঁচা রাস্তা নির্মাণ করে। কিন্তু সড়কে থাকা তিনটি বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই রাস্তা করায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। তিনি আরও জানান, কৃষি যন্ত্রপাতি নিয়ে চলাচল করতে অসুবিধা হয়, ফলে কৃষিকাজে ব্যাঘাত ঘটে। খুঁটির কারণে এই রাস্তা দিয়ে বিয়ের বরযাত্রীর গাড়িও আসতে পারে না।

এ ছাড়া স্থানীয় মিশুক চালক শাওন বলেন, “আমাদের এই রাস্তায় বৈদ্যুতিক খুঁটি থাকায় গাড়ি নিয়ে চলাচল করা অনেক ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক।”এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির বর্তমান ডিজিএম জনাব মোহাম্মদ আসাদুজ্জামান অনুপ বলেন, খুঁটি সরানোর জন্য লিখিত কোনো আবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


শেয়ার করুন