মাধবপুরে এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রনি মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। একই সঙ্গে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার চৌমুহনী আব্দুল আজিজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার পিতা প্রবাসে থাকায় সে পরিবারের সঙ্গে বসবাস করত। অভিযুক্ত রনি মিয়া দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ভিকটিমকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। বিষয়টি পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সহযোগীদের নিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে ভিকটিমকে অপহরণ করে রনি মিয়া। পরে ভিকটিমের দাদা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই অংশ হিসেবে সোমবার রাত আনুমানিক পৌনে ৯ টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প (হবিগঞ্জ) ও সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক প্রধান আসামি মো. রনি মিয়া (২০)কে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
.jpg)