সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার ভোরে এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ২ কোটি ০৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস লুকানো রয়েছে।
পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই কসমেটিকসগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ০৪ লক্ষ টাকা। অবৈধভাবে আনা এই পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
