ইনাতগঞ্জে প্রবাসী সালেহ আহমেদ হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এ.কে ফয়জুল ইসলাম : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায় প্রবাসী সালেহ আহমেদকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২৮ মার্চ) বিকাল ৩টায় ইনাতগঞ্জ পূর্ব বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসী ও সমাজসেবক সালেহ আহমেদের ওপর এমন নৃশংস হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

বক্তারা অভিযোগ করে বলেন, ফজলু মিয়া ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এসময় বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দেশে ফিরে নিরাপত্তাহীনতায় ভোগা অত্যন্ত উদ্বেগজনক। তাই এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন