
আসাদুজ্জামান মিশু ॥ হবিগঞ্জ জেলাজুড়ে পেট্রল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা সাধারণ মানুষের পকেট কাটছে। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। জ্বালানি খাতের তথ্য অনুযায়ী, দেশে বছরে পেট্রলের চাহিদা প্রায় ৪.৪ থেকে ৬.৬ লাখ মেট্রিক টন, যার পুরোটাই দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট দিয়ে মেটানো হয়। অন্যদিকে বার্ষিক প্রায় ৪.৫ লাখ মেট্রিক টন অকটেনের চাহিদার বিপরীতে দেশে উৎপাদন হয় প্রায় ২ লাখ মেট্রিক টন এবং বাকি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও স্থানীয় বাজারে এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে এবং অলিগলিতে খুচরা বিক্রেতারা প্রতি লিটার পেট্রল ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করছেন। অথচ সরকার নির্ধারিত দাম এর চেয়ে অনেক কম। শহরের পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং অধিকাংশ সময় 'তেল নেই' সাইনবোর্ড ঝুলে থাকায় বাধ্য হয়ে মানুষ খুচরা বাজার থেকে চড়া দামে তেল কিনছেন। পরিস্থিতি আরও ভয়াবহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে। আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাইসহ দূরবর্তী এলাকাগুলোতে প্রতি লিটার পেট্রল ও অকটেন ২০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। তেলের সংকটের কথা বলে খুচরা বিক্রেতারা সাধারণ ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম আদায় করছেন।
?হবিগঞ্জ শহরের একজন মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, পাম্পে তেল নেই আর বাইরের দোকানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আমরা এখন যাব কোথায়? দেখার যেন কেউ নেই। এদিকে তেলের দাম বাড়ার ও গ্যাস সংকটের প্রভাবে জেলায় সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যান্য যানের ভাড়াও বেড়ে গেছে। সাধারণ যাত্রী এবং নিম্ন আয়ের মানুষের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে।
?স্থানীয় সচেতন মহলের দাবি, পাম্পগুলোতে তেল না থাকলেও খুচরা দোকানে কীভাবে এত তেল পাওয়া যাচ্ছে, তা খতিয়ে দেখা দরকার। পাম্প থেকে ড্রামে করে তেল সরিয়ে কালোবাজারে বিক্রির অভিযোগও তুলছেন অনেকে। সাধারণ মানুষের দাবি, অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে তেলের দাম স্বাভাবিক করা হোক। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
শেয়ার করুন