শ্রমিক নির্যাতনের ঘটনায় অলিপুর প্রাণ কোম্পানীর ম্যানেজার জাহিদ প্রত্যাহার

হবিগঞ্জে প্রাণ কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিককে মারধরের অভিযোগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) জাহিদকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সংবাদ প্রকাশের পর শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিলে গতকাল শনিবার কোম্পানি কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রাণ কোম্পানির হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি অফিস কক্ষে দাঁড় করিয়ে দুই শ্রমিককে লাঠি দিয়ে মারধর করছেন অভিযুক্ত কর্মকর্তা জাহিদ। এ সময় শ্রমিকরা পায়ে ধরে কাকুতি-মিনতি করলেও তিনি কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্যাতনের ধরন ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অপমানজনক। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিওতে শ্রমিকদের আর্তনাদও স্পষ্ট শোনা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এলাকায় ব্যাপক আলোড়ন দেখা দেয়।

স্থানীয় শ্রমিকদের দাবি, অভিযুক্ত ওই কর্মকর্তা এর আগেও একাধিক শ্রমিককে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তবে চাকরি হারানোর ভয়ে এতদিন কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি সামনে এসেছে।

সচেতন মহলের মতে, কোনো শ্রমিক যদি অপরাধ করে থাকেন, তবে প্রতিষ্ঠানের নিজস্ব শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে এভাবে শ্রমিককে শারীরিকভাবে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে প্রাণ কোম্পানির এডমিন সুমন আহমেদকে একাধিকবার কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।



শেয়ার করুন