লাখাই বুল্লা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ॥ মিষ্টির দোকানকে জরিমানা

লাখাই উপজেলার বুল্লাবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে বেশি দেখিয়ে বিক্রির অভিযোগে তিনটি মিষ্টির দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরস্কায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুল্লাবাজারে অবস্থিত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে মোদক  মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা, একই অপরাধে শুভন মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা এবং মিষ্টির কার্টনে নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন দেখানোর অভিযোগে পরিণ্ড মিষ্টি ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে দেখা যায়, লাখাই উপজেলার বুল্লাবাজারের মিষ্টির দোকানগুলোতে ভোক্তাদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে দোকানের ভেতরে নোংরা পরিবেশ, তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি এবং দুর্গন্ধ লক্ষ্য করা যায়। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও সংশ্লিষ্টরা তা আমলে নেননি।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরস্কায়স্থ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে দোকানগুলোকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে পবিত্র রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে হবিগঞ্জ আর্মড পুলিশ ক্যাম্পের সদস্যরাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুন