শায়েস্তাগঞ্জে মহাসড়কে চাঁদাবাজির ভিডিও ভাইরাল ॥ যুবক গ্রেফতার

শায়েস্তাগঞ্জে মহাসড়কে প্রকাশ্যে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় জহুরুল ইসলাম আফিন (২৬) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ ও পুরানবাজার বাইপাস সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আফিন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কুঠিরগাঁও গ্রামের বাসিন্দা মৃত তাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার টোলের নামে একটি টোকেন ব্যবস্থার কথা বলে শায়েস্তাগঞ্জ মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে আসছিল একটি চক্র। সম্প্রতি একটি গাড়ি থেকে চাঁদা নেওয়ার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি স্থানীয়সহ জাতীয় গণমাধ্যমে আলোচনার সৃষ্টি করে। ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত আফিনকে আটক করে হবিগঞ্জ সদর সেনা ক্যাম্পে নিয়ে যায়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পৌরসভার টোল আদায়ের বিষয়ে উপজেলা প্রশাসনের অনুমোদন রয়েছে কিনা এবং ইজারাদার ইয়াসিন খানের বৈধ কাগজপত্র আছে কিনা তা যাচাইয়ের জন্য তাকে প্রয়োজনীয় নথিপত্রসহ ক্যাম্পে হাজির হতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



শেয়ার করুন