আজমিরীগঞ্জ উপজেলা-এ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ১৬ ই মার্চ সোমবার দুপুর ১২ ঘটিকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম। সভায় দিবস দুটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সভায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত বিশ্বজিৎ পাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আজমিরীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত বক্তারা দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনগুলোতে বাঙালি জাতির ত্যাগ, সংগ্রাম ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ করা হয়। তিনি আরও বলেন, দিবস দুটি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের কর্মসূচিগুলো সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
.jpg)