বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক-কয়েল জব্দ

মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তের দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ বিকাল ৫টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির একটি টহল দল সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে সাতছড়ি এলাকার ‘লেবু বাগান’ নামক স্থানে কয়েকজন পাচারকারীকে ভারত থেকে বস্তায় করে মালামাল নিয়ে আসতে দেখা যায়। টহল দল তাদের ধাওয়া করলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের ভেতর পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় সোয়া দুই লাখ টাকা। বিজিবি জানায়, চলতি মাসে বিশেষ অভিযানে এখন পর্যন্ত ১২৯ কেজি ভারতীয় গাঁজা এবং ৯৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।

অপরদিকে  হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরীর কেমিক্যাল এবং ১৬২ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক ৮৩ হাজার  টাকা।

গতকাল ১৭ মার্চ ৫৫ বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল সীমান্ত এলাকায় পোগন আস্তানায় বাংলা মদ তৈরীর গোপন সংবাদের প্রেক্ষিতে ১৭ মার্চ ২০২৬ তারিখ সকাল  নয়টার সময়ে সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সিন্দুরখান চা-বাগান নামক এলাকায় তল্লাশী অভিযান পরিচালনার সময়ে বিজিবি টহলদরের উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায় । পরবর্তীতে উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৯ লিটার বাংলা মদ তৈরীর কেমিক্যাল এবং ০১টি বাই-সাইকেল জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও পৃথক আরেকটি  বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির টহলদল পাকাবাড়ী নামক এলাকায় গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ভারত হতে পাচারকালে মালিকবিহীন ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ছাড়া চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল বিওপি’র নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ১৩ হাজার টাকা। উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সর্বমোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১৩৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।



শেয়ার করুন