আজমিরীগঞ্জ প্রতিনিধি: টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকায় পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় রয়েছেন কৃষকরা।
বিশেষ করে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের একাধিক হাওর ইতোমধ্যে পানির নিচে চলে গেছে। এতে প্রায় ৮০ হেক্টর জমির পাকা ধান ক্ষতির মুখে পড়েছে। অনেক কৃষক পানিতে নেমে ধান কাটার চেষ্টা চালালেও শ্রমিক সংকট ও ধান কাটার যন্ত্রের অভাবে কার্যত তারা অসহায় হয়ে পড়েছেন।
একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “প্রায় দুই লাখ টাকা ব্যয় করে এ বছর ধান চাষ করেছি। কিন্তু টানা বৃষ্টি আর হঠাৎ বন্যার কারণে ধান কাটার সুযোগ পাচ্ছি না। আল্লাহর রহমত ছাড়া আর কোনো ভরসা নেই। না শ্রমিক পাচ্ছি, না মেশিন।”
ধান কাটার শ্রমিক (দাওয়ালি) মো. আমির উদ্দিন বলেন, “এই পরিস্থিতি চলতে থাকলে আমাদেরও না খেয়ে থাকতে হবে। ধান কাটতে না পারলে আয়-রোজগার বন্ধ হয়ে যাবে।”
এদিকে, স্থানীয় সড়কগুলো কর্দমাক্ত হয়ে পড়ায় এবং অনেক জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে কাটা ধান ঘরে তোলাও হয়ে উঠছে কঠিন।
স্থানীয় সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দিন পেশোয়ার জানান, সরেজমিন পরিদর্শনে তিনি দেখেছেন প্রায় ৮০ হেক্টর জমির ধান ইতোমধ্যে পানির নিচে চলে গেছে। তিনি বলেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে কৃষকদের ব্যাপক ক্ষতির পাশাপাশি এলাকায় খাদ্য সংকটও দেখা দিতে পারে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. বিলাল মিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের দাবি জানানো হয়েছে। এলাকাবাসীর আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব হবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
