চুনারুঘাট উপজেলায় এক তরুণীকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় সিএনজি চালকসহ দুইজনকে আটক করা হয়েছে, তবে মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। জানা যায়, চুনারুঘাট উপজেলার আমরুট সুন্দরপুর গ্রামের জালাল মিয়ার মেয়ে তিসা আক্তারকে দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছিল একটি বখাটে চক্র। ভুক্তভোগীর জবানবন্দীতে উঠে এসেছে, অভিযুক্তরা পূর্ব থেকেই নারী সংক্রান্ত নানা কেলেঙ্কারি ও অপহরণের সঙ্গে জড়িত। ঘটনার দিন বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ এলাকায় সিএনজিযোগে তরুণীকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সিএনজি চালকসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন, রায়হান মিয়া (২৫), পিতা আনোয়ার আলী, গ্রাম চারগাঁও এবং রাসেল মিয়া (২৮), পিতা করম আলী, একই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অপহরণচক্রের আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
