১ এপ্রিল থেকে জ্বালানি এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। তবে নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ক্রেতাদের দাবি, বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন। অন্যদিকে বিক্রেতাদের ভাষ্য, কোম্পানি থেকেই বেশি দামে গ্যাস কিনতেহচ্ছে।
জেলা শহরের বিভিন্ন এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৯০০ টাকায় এবং ৩৫ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০০ টাকায়। খুচরা বিক্রেতারা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবং বেশি দামে কিনতে হওয়ায় তারা নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না। হঠাৎ এ মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। নির্ধারিত দামে গ্যাস বিক্রি করতে না পারায় অনেক বিক্রেতাকে গ্রাহকদের অসন্তোষের মুখেও পড়তে হচ্ছে। বিক্রেতাদের মতে, সরকার ও কোম্পানিগুলোর মধ্যে সমন্বয় হলে এ সংকট কিছুটা কমতে পারে।
এদিকে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন পণ্য ও সেবার দামে পড়তে শুরু করেছে, যা দ্রুত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
