নবীগঞ্জ-আজমিরীগঞ্জে সেতু নির্মাণের উদ্যোগ ॥ যোগাযোগে আসছে বদল

সিলেট বিভাগের বিভিন্ন নদীর ওপর নতুন সেতু নির্মাণের সরকারি উদ্যোগের অংশ হিসেবে হবিগঞ্জ জেলায় ২টি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা কাজ শুরু হয়েছে। সমীক্ষা শেষ হলেই প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, সারাদেশে মোট ৪৪টি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে (২য় পাতায় দেখুন) সিলেট বিভাগের তিন জেলায় ৬টি সেতু অন্তর্ভুক্ত রয়েছে। তার মধ্যে হবিগঞ্জ জেলায় রয়েছে ২টি সেতু, যা বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার সড়ক-ইটাখোনা-ইসলামপুর সড়কে একটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সেতুটি নির্মিত হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং এলাকার সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ আরও সহজ হবে।

এছাড়া আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর-কাদিরগঞ্জ এলাকায় আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুটি বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষের যাতায়াত সুবিধা বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তার সামাজিক যোগাযোগমাধ্যমে সেতু নির্মাণ উদ্যোগের বিষয়টি তুলে ধরে জানান, দ্রুত সমীক্ষা কাজ শেষ করে প্রকল্প বাস্তবায়ন শুরু করার আশাবাদ রয়েছে। তিনি সংশ্লিষ্ট এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত এসব সেতু বাস্তবায়িত হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, বরং বাণিজ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।


শেয়ার করুন