সরেজমিনে দেখা যায়, গত দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সোমবার রাত থেকে দ্রুত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে গুঙ্গিয়াজুড়ি ও মকার হাওরসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ বোরো ধান তলিয়ে গেছে।
গুঙ্গিয়াজুড়ি হাওরের কৃষক আব্দুল কাহার চৌধুরী বলেন, ‘ধান কাটার সময় হাওরের ফসল তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছেন, এখন তারা কিভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।’
মকার হাওরের কৃষক জুনেদ মিয়া বলেন, ‘ঋণ করে বোরো চাষ করেছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। আমাদের বড় ক্ষতি হয়ে গেল। এদিকে নবীগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি বলেন, গত দুই থেকে তিন দিনের মুষলধারে বৃষ্টির কারণে হাওরের প্রায় ৪০০ হেক্টর পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।
