বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও ভোক্তা অধিদপ্তরের একটি দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বাজারের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় মেসার্স রাজু ট্রেডার্সের মালিক রাজু রায়কে ৫ হাজার টাকা, শাহজালাল বেকারীর মালিক বাচ্চু মিয়াকে ১৫ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেল হলের মালিক মো. মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে আইন লঙ্ঘন করে আসছিল। এসব অপরাধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব-৯ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তা অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
