লাখাই উপজেলায় ধান মাড়াইয়ের খলার ওপর দিয়ে গরু চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার স্বজনগ্রাম আয়নারটুক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্রামের কুদ্দুস মিয়ার একটি গরু জাকির মিয়ার ধান মাড়াই করা খলার ওপর দিয়ে চলে যায়। বৃষ্টিতে ভেজা খলাটি গরুর পায়ের চাপে নষ্ট হয়ে কাদায় পরিণত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে লাখাই থানা ও স্বজনগ্রাম তদন্তকেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ সদস্যও সামান্য আহত হন। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
