জ্বালানি সংকটে বিপর্যস্ত আজমিরীগঞ্জ, দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন

আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জ উপজেলার প্যাকেজ ডিলারদের কাছে দীর্ঘদিন ধরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় কৃষক, যানবাহন চালক, ধান কাটার মেশিন মালিকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এতে কৃষিকাজ ও দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ছে।

এ পরিস্থিতির প্রতিবাদে ও দ্রুত সমাধানের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) আজমিরীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার আলী। তিনি বলেন, গত ২৯ মার্চের পর থেকে তারা কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ পাননি। ফলে ডিলার ও ভোক্তা উভয় পর্যায়েই সংকট চরম আকার ধারণ করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত না করা হলে চলতি বোরো মৌসুমে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উক্ত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


শেয়ার করুন