হবিগঞ্জ পৌরএলাকার পানি নিস্কাশন বাধামুক্ত করতে নির্মগন খাল ও বড় ড্রেনগুলোর প্রতিবন্ধকতা অপসারন ও পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার আনসার অফিস পার্শ বর্তী খাল, মাস্টার কোয়ার্টার, রাজনগর রবিদাস পাড়ার পিছনে ও বাইপাস সমান্তরাল বড় ড্রেনে পরিচ্ছন্নতা কাজ পরিচালিত হয়েছে। বিকেলে রাজনগর রবিদাস পাড়ার সামনে খালটি এক্সকেভেটরের মাধ্যমে উন্মুক্ত করা হয়। পৌরসভার আন্তঃশাখা সভার আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী পৌরএলাকার পানি নিস্কাশনের জন্য বহির্মূখী যে নির্মগম খালগুলো রয়েছে সেগুলো পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বেশকিছু গুরুত্বপূর্ন ড্রেন ও খাল পরিচ্ছন্ন করা হয়েছে। আরো কিছু খাল ও বড় ড্রেন পরিচ্ছন্নকরনের কাজ চলমান রয়েছে। মার্চ মাসে দুইবার মুষলধারে বৃষ্টি হওয়ার পরও এবার পানি উন্নয়ন বোর্ডের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। ড্রেনে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকলে এবং অবৈধ স্থাপনা তৈরী না করলে তেমন কোন জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে আমরা আশা করছি। যারা অবৈধভাবে ড্রেনের জায়গা দখল করে পানি নিস্কাশনের ড্রেনকে সংকুচিত করে ফেলছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’ তিনি আরো বলেন,‘ইতিমধ্যে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে শহরে বেশকটি উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সম্প্রতি ড্রেনের উপর দোকান বসানোর দায়ে ভ্রাম্যমান আদালত ব্যবসায়ীদের জরিমানাও করেছে। তারপরও কিছু জনবহুল এলাকায় অবৈধভাবে পানি নিস্কাশনের ড্রেনে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রবনতা লক্ষ্য করা যায়। পৌরবাসীর সচেতন ভুমিকায় হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত শহর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।’
খবর বিভাগঃ
হবিগঞ্জ
