ঝড়ের রাতে হবিগঞ্জের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

হবিগঞ্জ শহরের কালীগাছতলা এলাকার শ্রীশ্রী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় প্রতিমার স্বর্ণ ও রূপার অলংকার এবং দানবাক্সের নগদ অর্থ লুট হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে দুর্বৃত্তরা মন্দিরের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে মূল মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে কালী প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও রূপার বিভিন্ন অলংকার—মাথার মুকুট, হাতের তাজ, পায়ের নূপুর, গলার সীতাহার ও চেইন, কানের দুল—লুট করে। পাশাপাশি মহাদেবের পাথর এবং দানবাক্সে থাকা নগদ অর্থও নিয়ে যায়। রোববার সকালে মন্দিরে আসা ভক্তরা ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়দের অবহিত করেন। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মন্দির কমিটির সভাপতি দিলীপ দাস বলেন, এর আগেও মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি তাদের উদ্বিগ্ন করে তুলেছে। এ ঘটনায় স্থানীয় কোনো চক্র জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। সদর মডেল থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন