মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
পুনঃখনন প্রকল্পের আওতায় জলসুখা ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে সিমট হাওর পর্যন্ত চুরখাই খাল এবং নলাই নদী থেকে দারগা খাল পর্যন্ত অংশ অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে থাকায় স্থানীয় কৃষকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে ভুগছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. জীবন বলেন, সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হচ্ছে। চলতি বছরের মধ্যে আরও অনুদান আসবে এবং প্রতিটি কাজ যেন মানসম্মত ও টেকসই হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, প্রকল্পটি সরাসরি প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। নির্ধারিত নকশা ও গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকবর হোসেন টিপু বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসাইন রন্টি বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খাল দুটি পুনঃখনন করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
খাল দুটি পুনঃখনন সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অতিদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
