আমিনুল ইসলাম আপন : হবিগঞ্জে টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বোরো ধান। জেলার হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও নদীর বাঁধ ভেঙে প্লাবনের সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৬২৩ হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা। এর মধ্যে বানিয়াচং উপজেলায় ২ হাজার ১৩৫ হেক্টর এবং আজমিরীগঞ্জে ১ হাজার ৩৭০ হেক্টর জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে।
বিশেষ করে বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় শত শত কৃষকের কাঁচা ও পাকা ধান পানিতে তলিয়ে যায়। প্রবল স্রোতের চাপে মুহূর্তেই ভেসে যায় বিস্তীর্ণ ফসলের মাঠ।
হঠাৎ এই দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। ফসল হারিয়ে তারা এখন চরম হতাশায় দিন কাটাচ্ছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
