নবীগঞ্জ ও বাহুবল উপজেলার সংযোগ সড়কের দীর্ঘদিনের অবহেলিত একটি অংশ অবশেষে সংস্কারের মুখ দেখতে যাচ্ছে। প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের মধ্যে ১ কিলোমিটার অংশে আরসিসি/পিচ ঢালাই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে উপকৃত হবেন প্রায় দুই হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা বাঁশডর শেখপাড়া, দাসেরকোণা, ভরাকুনা এলাকার এই সড়কটি চলাচলের জন্য অত্যন্ত কষ্টকর ছিল।
বর্ষা মৌসুমে কাদা ও পানিতে ভোগান্তি চরমে পৌঁছাতো। তবে সংশ্লিষ্টদের উদ্যোগে এখন এ সড়ক সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী জানান, মাননীয় সংসদ সদস্য রেজা কিবরিয়া মহোদয়ের সহযোগিতায় এ উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় গুণী ব্যক্তিত্ব আবুল কাশেম তালুকদারসহ চার গ্রামের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও দোয়ার ফলেই দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথে। এলাকাবাসী দ্রুত কাজ শুরুর মাধ্যমে সড়কটির পূর্ণ সংস্কার সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
