হবিগঞ্জে পরিবহন ধর্মঘট, সিলেটসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

হবিগঞ্জ মোটর মালিক সমিতির  ডাকে মঙ্গলবার (১২ মে) সকাল থেকে হবিগঞ্জ-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন অভ্যন্তরীণ  সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে হবিগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকালে বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেকে বিকল্প যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। বিশেষ করে রাতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। হবিগঞ্জ মোটর মালিক সমিতির সদস্য সচিব সোহেল জানান, গত ১০ মে মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসে হামলা, ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে ও পরিবহন শ্রমিকদের নিরাপদ চলাচলের নিশ্চয়তার দাবিতে মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মৌলভীবাজার হয়ে বিরতিহীন বাস চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে বিকাল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানান পরিবহন নেতারা।


শেয়ার করুন