ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে পুলিশের অভিযান, গ্রেফতার ১০

জুয়েল চৌধুরী : পবিত্র ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ শহরজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। অভিযানে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, চুরি এবং অন্যান্য অপরাধসংক্রান্ত অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি জাহিদুল হক বলেন, “অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসন্ন ঈদে সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


শেয়ার করুন