আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতে আবারও অবৈধ বালু উত্তোলন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফের বালু উত্তোলন শুরু করেছে একটি প্রভাবশালী চক্র। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর কয়েকদিন কার্যক্রম বন্ধ থাকলেও আবারও প্রকাশ্যে চলছে বালু উত্তোলন। এতে নদীভাঙন বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, এর আগে একই চক্র আজমিরীগঞ্জের কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছিল। বর্তমানে তারা কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ লঞ্চঘাট থেকে নোয়ানগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। সরেজমিনে দেখা গেছে, ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের কারণে নদীর তীর ধসে পড়ছে। ভাঙনের মুখে পড়েছে আশপাশের ফসলি জমি। ইতোমধ্যে বেশ কিছু জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র জড়িত। তাদের ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


শেয়ার করুন