চুনারুঘাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ দেওয়া বিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে চাল বিতরণ শুরু না হওয়া এবং টোকেন জটিলতার কারণে অনেক অসহায় ও নিম্নআয়ের মানুষকে খালি হাতে ফিরে যেতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে চুনারুঘাট পৌরসভা কার্যালয়ে চাল বিতরণের কথা থাকলেও দুপুর গড়িয়ে যাওয়ার পরও কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগ করেন অপেক্ষমাণ লোকজন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ভুক্তভোগীদের দাবি, নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে দেওয়া টোকেন নিয়ে পৌরসভায় গেলেও সেগুলো গ্রহণ করা হয়নি। পরে আগের টোকেন বাতিল করে নতুন কার্ড বা টোকেনের মাধ্যমে চাল বিতরণ করা হয়। এতে তালিকাভুক্ত অনেক ব্যক্তি চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। শেফা আক্তার নামে এক নারী বলেন, “ওয়ার্ড থেকে দেওয়া টোকেন নিয়ে সকাল ৯টা থেকে ছোট বাচ্চাকে নিয়ে কয়েকবার লাইনে দাঁড়িয়েছি। কিন্তু চাল পাইনি। শেষে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।” শহিদুল ইসলাম নামে আরেক ভুক্তভোগী বলেন, “প্রতিবছর ওয়ার্ডের টোকেনেই চাল পাওয়া যেত। এবার পৌরসভা নতুন কার্ড দিচ্ছে। এতে আমাদের মতো অনেকের নাম বাদ পড়েছে।” তবে চাল বিতরণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন চুনারুঘাট পৌরসভা কার্যালয়ের সচিব লিয়াকত আলী। তিনি জানান, পৌরসভায় মোট ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মধ্যে বিজিএফের চাল বিতরণ করা হচ্ছে এবং সকাল থেকেই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “বিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
খবর বিভাগঃ
হবিগঞ্জ
