আজমিরীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে “ভূমিসেবা মেলা-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আকবর হোসেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, পাঁচ ইউনিয়নের তহসিলদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের ফলে জনগণ এখন ঘরে বসেই অনলাইনে খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারছেন। আধুনিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। এছাড়া সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন নামজারি কার্যক্রম, খতিয়ান সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর প্রদানের আধুনিক পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। ভূমিসেবা মেলাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ জনগণের ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
