ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে গত রবিবার (১০ মে) তিনি বাড়ি থেকে চলে যান।
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় মা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার তিন শিশু সন্তান। পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও অনিশ্চয়তা। স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয় এবং প্রায় ১০ বছর ধরে তারা সংসার করে আসছিলেন। গান-বাজনা করেই চলত তাদের সংসার। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক ছিল।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, “অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সাংবাদিক শাহ আলম হৃদয় বলেন, “তারা একটি সাংস্কৃতিক পরিবার ছিল। এমন ঘটনা সত্যিই দুঃখজনক।” মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
