হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও জনবহুল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও যানবাহন চেকিং করা হয়। পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত টহল, মোটরসাইকেল মহড়া ও বিশেষ অভিযান পরিচালনা করছে সদর থানা পুলিশ।
অভিযানের প্রথম দিনেই সদর উপজেলার বহুলা এলাকা থেকে বাবুল মিয়া নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। তিনি রায়ধর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ওসি জাহিদুল হক বলেন, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী ও ডাকাতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের নিয়মিত টহল ও অভিযানের কারণে অপরাধ প্রবণতা কমে আসবে বলে আমরা আশাবাদী।”
