ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখাইয়ের দুই ইটভাটার মালিককে জরিমানা

হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবেশ ও আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে ১৮ ধারার আওতায় সিএমসি ইটভাটার মালিক বাহাদুর উদ্দীনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে তিতাস ইটভাটার মালিক, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর এলাকার হাজী আব্দুল আলীমের ছেলে মিজানুর রহমানকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর-এর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) সুমন উপস্থিত ছিলেন। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার এএসআই প্রদীপ সূত্রধরসহ পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশবিধি ও প্রচলিত আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুন