ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাস খাদে, প্রাণ গেল ৪ জনের

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)। বাকি দুজনের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিল। পথে বৈশ্বামোড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


শেয়ার করুন